ঝিনাইদহের সদর উপজেলার বাকড়ী গ্রামে বিয়েতে দাওয়াত না দেওয়া ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার সকালে ঘটে এই ঘটনা। আহতদের মধ্যে কয়েকজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার রফিকুল ইসলামের মেয়ের বিয়েতে প্রতিপক্ষ সাহের উদ্দীনকে দাওয়াত না দেওয়া নিয়ে রাত থেকেই উত্তেজনা বিরাজ করছিল। এর জের ধরে সকালে সাহের উদ্দীনের নেতৃত্বে রফিকুলের বাড়িতে হামলা হয় এবং সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক।


















