পাবনার সদর উপজেলার আতাইকুলা থানার পুষ্পপাড়া বাজারে হাটের ইজারা নিয়ে বিরোধের জেরে গুলিতে ইজারাদারসহ দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন পুষ্পপাড়া হাটের ইজারাদার আব্দুস সালাম হাজী (৫৫) এবং তাঁর সহযোগী রিপন হোসেন (৫০)। তাঁদের বাড়ি আতাইকুলা থানার ধর্মগ্রামে।
পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুষ্পপাড়া হাটের ইজারা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় হাটের বর্তমান ইজারাদার আব্দুস সালাম হাজী তাঁর সহযোগীদের নিয়ে হাটের অফিসকক্ষে বসে ছিলেন। এ সময় মুখোশ পরা কয়েকজন সেখানে এসে তাঁদের লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুলিবিদ্ধ আব্দুস সালাম হাজী ও রিপন হোসেনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, হাটের ইজারা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ ছিল। এর জেরেই প্রতিপক্ষের লোকজন তাঁদের গুলি করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।


















