যাত্রাবিরতির সময় থেমে থাকা লরিতে দ্রুতগামী কোচের ধাক্কা; লরি চালক আটক
তুরস্কের দক্ষিণাঞ্চলে একটি আন্তঃনগর বাসের সঙ্গে আর্টিকুলেটেড লরির (ট্রাক) ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে সাতজন নিহত এবং আরও ১১ জন আহত হয়েছেন। স্থানীয় গভর্নরের কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার (৬ ডিসেম্বর) ভোরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
আনাদোলু এজেন্সির (এএ) তথ্য অনুযায়ী, আদানা ও গাজিয়ানতেপকে সংযোগকারী মহাসড়কে ভোরের আগে দুর্ঘটনাটি ঘটে। যাত্রাবিরতির সময় টায়ার ফেটে থেমে ছিল লরিটি, আর দ্রুতগামী কোচটি পেছন থেকে তাতে ধাক্কা দেয়।
ওসমানিয়ে গভর্নর কার্যালয়ের বরাতে আনাদোলু এজেন্সি নিশ্চিত করেছে যে নিহত ও আহত সবাই বাসের যাত্রী ছিলেন। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। দুর্ঘটনার ফুটেজে দেখা যায়, বাসটির সামনের ডান অংশ পুরোপুরি বিধ্বস্ত হয়েছে, যা সংঘর্ষের তীব্রতা নির্দেশ করে। দুর্ঘটনাস্থলটি গাজিয়ানতেপ থেকে প্রায় ৯০ কিলোমিটার (৫৫ মাইল) দূরে।
দুর্ঘটনায় লরি চালক অক্ষত অবস্থায় বেঁচে গেলেও তাকে আটক করেছে পুলিশ। দুর্ঘটনার পর মহাসড়কটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।


















