বিদেশে কর্মসংস্থানে ইচ্ছুক বাংলাদেশি তরুণদের বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক করতে দেশজুড়ে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির বৈঠকে তিনি এই নির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বেকার যুবক-যুবতীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে দেশি-বিদেশি শিক্ষকদের সমন্বয়ে এই ভাষা শিক্ষা কার্যক্রম দ্রুত চালু করার ওপর জোর দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর লক্ষ্য হলো, ভাষাগত দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশিরা যেন বিদেশে আরও উন্নত ও সম্মানজনক চাকরির সুযোগ পায়।
বৈঠকে প্রধানমন্ত্রী প্রবাসীদের জন্য আর্থিক নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সাথে আলোচনা করেন। বিদেশে যাওয়ার জন্য কাউকে যেন নিজের শেষ সম্বল বা সহায়-সম্পত্তি বিক্রি করতে না হয়, সে লক্ষ্যে স্বল্প সুদে ব্যাংক ঋণ ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে ঋণ পাওয়ার প্রক্রিয়াটি আরও সহজতর করার আহ্বান জানান তিনি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সভায় বিদেশে কর্মসংস্থানের দ্রুত সুযোগ সৃষ্টির নানা কারিগরি দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সরকারের এই উদ্যোগ দক্ষ জনশক্তি রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স প্রবাহকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।



















