পুলিশি সেবায় স্বচ্ছতা ও জনবান্ধব প্রশাসন নিশ্চিত করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) চালু করেছে ডিজিটাল উদ্যোগ ‘গণপুলিশিং সার্ভিস’। এই প্রযুক্তিনির্ভর ব্যবস্থার মাধ্যমে থানায় আগত প্রত্যেক সেবা প্রার্থীর তথ্য, ছবি ও আবেদন প্রক্রিয়ার অগ্রগতি রিয়েল-টাইমে অনলাইনে সংরক্ষণ ও পর্যবেক্ষণ করা যাবে।
মঙ্গলবার সকালে সদর থানায় উদ্যোগটির উদ্বোধন করেন জিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান। এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিনি জানান, এই সিস্টেমের মাধ্যমে সেবা প্রার্থীর আবেদন কোন ধাপে আছে, কে দায়িত্বে আছেন, কতক্ষণ অপেক্ষা করতে হচ্ছে—সব তথ্য তাৎক্ষণিকভাবে দেখা যাবে। কোনো আবেদন সময়মতো নিষ্পত্তি না হলে কর্মকর্তাকে কারণ ব্যাখ্যা করতে হবে।
জিএমপি জানায়, ‘গণপুলিশিং সার্ভিস’ ডিজিটাল বাংলাদেশ ও স্মার্ট পুলিশিং ধারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি রিয়েল-টাইম মনিটরিং সিস্টেম, যা নাগরিক সেবায় নতুন দিগন্ত উন্মোচন করবে।



















