জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করতে চায় তার নেতৃত্বাধীন সরকার। এ লক্ষ্যে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হবে বলেও জানান তিনি।
মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া এ ভাষণে ইউনূস বলেন, “আমাদের সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো একটি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজন করা। আজ থেকে সেই প্রক্রিয়ার সূচনা করছি।”
তিনি বলেন, “আগামী রমজানের আগেই, অর্থাৎ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে নির্বাচন কমিশনকে চিঠি পাঠানো হবে, যাতে তারা সময়মতো সব ব্যবস্থা গ্রহণ করে।”
প্রধান উপদেষ্টা আরও বলেন, “এই নির্বাচন যেন দেশের ইতিহাসে সবচেয়ে সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হয়, সেজন্য অন্তর্বর্তী সরকার সব ধরনের সহযোগিতা করবে। একটি গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের পথে এই নির্বাচন হবে আমাদের অগ্রযাত্রার দিকচিহ্ন।”
তিনি দেশের জনগণের কাছে সহযোগিতা ও দোয়া কামনা করে বলেন, “আসুন, সবাই মিলে একটি নতুন, উদ্যমী, ঐক্যবদ্ধ বাংলাদেশ নির্মাণে অংশ নিই এবং এই নির্বাচনকে সফল করি।”



















