যুক্তরাজ্যের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরি, নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং অবৈধ পথ ও মানবপাচার প্রতিরোধে বাংলাদেশ এবং যুক্তরাজ্য যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। রোববার (৯ আগস্ট) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৈঠকে ব্রিটিশ হাইকমিশনার জানান, বর্তমানে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের তালিকায় বাংলাদেশ শীর্ষ পাঁচটি দেশের মধ্যে রয়েছে। তবে অধিকাংশ আবেদন প্রত্যাখ্যাত হওয়ায় তাঁদের ফেরত পাঠানো হচ্ছে, যার মধ্যে স্বেচ্ছায় ফিরে আসা ব্যক্তিদের ৩ হাজার পাউন্ড পর্যন্ত পুনর্বাসন সহায়তা দেওয়া হচ্ছে।
বৈঠকে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী মানবপাচার রোধ ও বিদেশি ফেরত কর্মীদের পুনর্বাসনে ‘রাইজ’ (RAISE) প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন এবং তদারকির জন্য একটি ‘যৌথ ওয়ার্কিং গ্রুপ’ গঠনের প্রস্তাব দেন। অন্যদিকে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক ইউরোপীয় বাজারের উপযোগী কারিগরি প্রশিক্ষণ ও আন্তর্জাতিক সনদ দেওয়ার মাধ্যমে তরুণদের বৈধ অভিবাসনে উৎসাহিত করার ওপর জোর দেন। এ আলোচনায় ব্রিটিশ হাইকমিশনের হোম অ্যাফেয়ার্স কাউন্সিলর রায়ান ডানকানসনসহ উভয় দেশের সরকারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


















