দীর্ঘ সাত বছর বন্ধ থাকার পর ঢাকার মগবাজারের পেয়ারাবাগ অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং এর নিচে চার লেনবিশিষ্ট রেলপথের উন্নয়নকাজ পরিচালনার আইনি বাধা দূর হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালতের দেওয়া আদেশের ফলে এ বাধা দূর হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
অ্যাটর্নি জেনারেল বলেন, আদালতের সুস্পষ্ট নির্দেশনা হলো, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং এর নিচে চার লেনবিশিষ্ট রেললাইনের কাজ চলতে থাকবে।
মামলাটির শুনানিতে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ওসমান চৌধুরী।
অপর পক্ষের হয়ে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী নুরুল আমিন।
আদালতের এই আদেশের ফলে পেয়ারাবাগ অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও রেলপথের উন্নয়নকাজ এগিয়ে নেওয়ার পথ তৈরি হয়েছে।


















