ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেছেন, গবেষণায় উৎকর্ষতার জন্য নৈতিকতা এবং সুষ্ঠু বাজেট ব্যবস্থাপনা অপরিহার্য। বুধবার বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘রিসার্চ, কোলাবোরেশন, পাবলিকেশন এথিক্স অ্যান্ড রিসার্চ বাজেট ম্যানেজমেন্ট’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপাচার্য বলেন, স্বচ্ছতা, যথাযথ পরিকল্পনা এবং কোলাবোরেশন গবেষণাকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক মান বজায় রেখে গবেষণা পরিচালনায় শিক্ষক ও শিক্ষার্থীদের নৈতিকতা, প্রকাশনা নীতি এবং বাজেট ব্যবস্থাপনায় দক্ষ হওয়া প্রয়োজন। তিনি আরও বলেন, সুষ্ঠু বাজেট ব্যবস্থাপনা, দেশীয় ও আন্তর্জাতিক কোলাবোরেশন বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানে উন্নীত করতে সহায়ক।
সেমিনারে সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান। প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আনিসুজ্জামান তালুকদার। প্রবন্ধে তিনি গবেষণা নৈতিকতা, মানসম্মত প্রকাশনা নীতি, অনিয়ম প্রতিরোধ, ইন্ডাস্ট্রি–একাডেমিয়া কোলাবোরেশন ও বাজেট ব্যবস্থাপনার কার্যকর ধাপ তুলে ধরেন।
সেমিনারটি প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে সমাপ্ত হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ডীন, বিভাগীয় প্রধান, ইনস্টিটিউট ও সেন্টারের পরিচালক, অতিরিক্ত পরিচালকসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।



















