আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘোষণার পর বগুড়ার গাবতলীতে রেললাইনের ফিশপ্লেট খুলে নাশকতার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে রেললাইন রক্ষণাবেক্ষণ দলের নজরে আসে দুটি ফিশপ্লেট খোলা রয়েছে।
রেলওয়ে সূত্র জানায়, বুধবার গভীর রাতে উপজেলার সুখানপুকুর ও সৈয়দ আহমদ কলেজ স্টেশনের মাঝামাঝি নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রেলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফিশপ্লেটগুলো পুনরায় স্থাপন করেন, ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
বগুড়া রেলওয়ের উপসহকারী প্রকৌশলী আফজাল হোসেন বলেন, “সময়মতো ব্যবস্থা নেওয়ায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে। এটি পরিকল্পিত নাশকতার অংশ হতে পারে।”
ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করেছে এবং রেলপথে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা টহল বাড়ানো হয়েছে।



















