শনিবার , ১২ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নয়াদিল্লিতে আজ শুরু ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১২, ২০২৬ ৯:০৮ পূর্বাহ্ণ

Spread the love

উন্নয়নশীল ও উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের বহুল প্রতীক্ষিত ১৮তম শীর্ষ সম্মেলন আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হচ্ছে। দুই দিনব্যাপী এ সম্মেলন ঘিরে রাজধানীজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা।

বিশ্বনেতাদের নিরাপত্তায় কঠোর নজরদারি

সম্মেলনে অংশ নেওয়া বিশ্বনেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে নয়াদিল্লির গুরুত্বপূর্ণ এলাকা ও ভিভিআইপি রুটগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী স্থাপন করেছে উচ্চপ্রযুক্তির ডেডিকেটেড কন্ট্রোল রুম। সেখান থেকে বিশ্বনেতাদের মোটরকেডের গতিবিধি এবং রাজধানীর সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

সম্মেলনে যোগ দিতে শুক্রবার রাতেই নয়াদিল্লিতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ দক্ষিণ আফ্রিকা ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রপ্রধানরাও সম্মেলনে সরাসরি অংশ নিচ্ছেন।

মধ্যপ্রাচ্য ও জ্বালানি সংকট গুরুত্ব পাবে

মধ্যপ্রাচ্যে চলমান তীব্র সামরিক সংঘাত এবং বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে এবারের ব্রিকস সম্মেলনকে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

সম্মেলনে সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করা এবং আন্তর্জাতিক বাণিজ্যে বিকল্প মুদ্রার ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়ে আলোচনা হতে পারে।

এর পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান সংকট, আঞ্চলিক নিরাপত্তা এবং পরিবর্তনশীল ভূরাজনৈতিক পরিস্থিতিও শীর্ষ বৈঠকের গুরুত্বপূর্ণ আলোচ্যসূচিতে স্থান পেতে পারে।

অংশ নিচ্ছে সদস্য ও অংশীদার দেশ

এবারের সম্মেলনে ব্রিকসের ১১টি সদস্য দেশ ও ১০টি অংশীদার দেশের পাশাপাশি আরও কয়েকটি আমন্ত্রিত প্রতিনিধি দলের নেতারা অংশ নিচ্ছেন বলে জানা গেছে। রবিবারও সম্মেলনের কার্যক্রম চলার কথা রয়েছে।

২০২৪ সালে ব্রিকসে নতুন সদস্য হিসেবে যোগ দেয় ইরান ও সংযুক্ত আরব আমিরাত। বর্তমানে জোটের সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরাত।

পশ্চিমা ব্যবস্থার বিকল্প হওয়ার চেষ্টা

উদীয়মান দেশগুলোর এই জোট মূলত পশ্চিমা নেতৃত্বাধীন বিশ্বব্যবস্থার বাইরে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলার লক্ষ্য নিয়ে এগিয়েছে।

প্রায় দুই দশকের যাত্রায় বিশ্বব্যবস্থাকে বহুমুখী করার ক্ষেত্রে ব্রিকসের ভূমিকা তৈরি হলেও পশ্চিমা বিশ্বের পূর্ণাঙ্গ বিকল্প হিসেবে প্রতিষ্ঠিত হতে জোটটি এখনো নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে বলে বিশ্লেষকদের মূল্যায়ন।

তবে পশ্চিমা নেতৃত্বাধীন প্রতিষ্ঠানগুলোর বাইরে ব্রিকস একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম তৈরি করেছে, যা বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর দর-কষাকষির ক্ষমতা বাড়ানোর পাশাপাশি অর্থনৈতিক বিকল্প তৈরির সুযোগও সৃষ্টি করেছে।

সর্বশেষ - অপরাধ