মুসলিম সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহার তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া। আগামী ২৭ মে (বুধবার) দেশ দুটিতে পবিত্র ঈদুল আজহা বা কুরবানির ঈদ উদযাপিত হবে। এর আগে আগামীকাল সোমবার (১৮ মে) থেকে সেখানে শুরু হচ্ছে হিজরি বর্ষপঞ্জির শেষ মাস জিলহজ।
সবার আগে ঘোষণা তিউনিসিয়ার, বৈজ্ঞানিক গণনায় তুরস্ক: বিশ্বের প্রথম দেশ হিসেবে এবার সবার আগে আনুষ্ঠানিকভাবে ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়া। গতকাল শনিবার (১৬ মে) জিলকদ মাসের ২৯তম দিন শেষে দেশটির জাতীয় চাঁদ দেখা কর্তৃপক্ষ জিলহজ মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে। অন্যদিকে, ঐতিহ্যগতভাবে খালি চোখে চাঁদ দেখা ছাড়াই জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত গণনা এবং বৈজ্ঞানিক হিসাব-নিকাশের ওপর ভিত্তি করে আগেভাগেই ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে তুরস্ক। পূর্ব-নির্ধারিত ইসলামি ক্যালেন্ডার অনুযায়ী তুরস্ক ১৮ মে-কে জিলহজের প্রথম দিন এবং ২৭ মে ১০ জিলহজ মোতাবেক ঈদুল আজহা উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে।
মধ্যপ্রাচ্যে আজ সন্ধ্যায় চোখ আকাশে: এদিকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও ওমানসহ মধ্যপ্রাচ্য এবং বিশ্বের অধিকাংশ মুসলিম দেশে আজ রোববার (১৭ মে) সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখার জোর প্রস্তুতি নেওয়া হয়েছে। আজ সন্ধ্যায় আকাশে জিলহজের নতুন চাঁদ দেখা গেলে এসব দেশেও আগামী ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে এবং ২৬ মে অনুষ্ঠিত হবে পবিত্র আরাফাহ দিবস। আজ মাগরিবের নামাজের পর চাঁদ দেখার পর দেশগুলোর রাজকীয় কর্তৃপক্ষ ও সুপ্রিম কোর্ট আনুষ্ঠানিকভাবে ঈদের চূড়ান্ত তারিখ ঘোষণা করবে।
সূত্র: গালফ নিউজ



















