বুধবার , ২৮ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

আইজিপির ‘ক্রসফায়ার’ শব্দচয়ন ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৮, ২০২৬ ১০:৩২ অপরাহ্ণ

Spread the love

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের উদ্দেশ্য আইনের কঠোর প্রয়োগ বোঝানো হলেও এ ক্ষেত্রে শব্দটি ব্যবহার করা ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (২৮ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক শেষে মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইজিপির মন্তব্যের পর এ বিষয়ে ব্যাখ্যাও দেওয়া হয়েছে। আইনের কঠোর প্রয়োগ বোঝাতে গিয়ে হয়তো অসতর্কভাবে শব্দটি ব্যবহার করেছেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, আইজিপি এমন কোনো কথা বলেননি যে সরকার তাঁকে ক্রসফায়ার করার নির্দেশনা দিয়েছে, কিংবা তিনি নিজে এমন কিছু করতে চান। তবে এ ধরনের শব্দচয়ন ও উচ্চারণ তাঁর ঠিক হয়নি বলে তিনি আইজিপিকে জানিয়েছেন।

বর্তমান সরকারের আট মাসের কার্যক্রমের মূল্যায়ন তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ সময়ে দেশে কোনো ক্রসফায়ার, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কিংবা হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেনি। এ ছাড়া গুমের একটি অভিযোগ উঠেছিল, যা সরকার তদন্ত করেছে।

তিনি বলেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকেও স্বাধীনভাবে তদন্তের আহ্বান জানানো হয়েছিল। তবে উল্লেখযোগ্য কোনো সত্যতা পাওয়া যায়নি বলে জানান তিনি।

সরকারের প্রথম আট মাসকে ভূমিকা মূল্যায়নের জন্য গুরুত্বপূর্ণ সময় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ এমন একটি রাষ্ট্রের প্রত্যাশা করেছে, যেখানে মানবাধিকার সুরক্ষিত থাকবে এবং অপরাধের বিচার নিশ্চিত হবে।

ভবিষ্যতে দেশে যেন গুম, রাজনৈতিক প্রতিহিংসা কিংবা হেফাজতে নির্যাতনের ঘটনা না ঘটে, সে ব্যবস্থা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের প্রসঙ্গ তুলে সালাহউদ্দিন আহমদ বলেন, কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো শাখার বিরুদ্ধে অভিযোগ উঠলে সংশ্লিষ্ট শাখা নিজে সেই অভিযোগের তদন্ত করতে পারবে না। অন্য বাহিনী তদন্ত করবে। এর মাধ্যমে ভারসাম্য ও জবাবদিহি নিশ্চিত হবে।

কোনো কর্মকাণ্ড ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হলে তার বিচার ফৌজদারি আইন অনুযায়ীই হবে বলেও স্পষ্ট করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সর্বশেষ - অপরাধ