জাহানঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আবাসিক হল থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে হল প্রশাসন। এ সময় ২০ বোতল মদসহ এক শিক্ষার্থীকে আটক করা হয়।
রোববার (৪ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হল প্রভোস্ট ও হল সংসদের সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে হলের ৭২৩ নম্বর কক্ষ থেকে এসব মাদক উদ্ধার করেন।
আটক শিক্ষার্থীর নাম মো. ফজলে আজওয়াদ। তিনি বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী এবং মীর মশারফ হোসেন হলের আবাসিক ছাত্র। তবে তিনি অনুমতি ছাড়া কাজী নজরুল ইসলাম হলে অবস্থান করছিলেন। এছাড়া তিনি মীর মশারফ হোসেন হল সংসদে ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে সমাজসেবা সম্পাদক পদে নির্বাচনে অংশ নিয়েছিলেন।
অভিযান শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট অধ্যাপক মুহাম্মাদ আব্দুর রাজ্জাক জানান, অভিযুক্ত শিক্ষার্থীর টেবিলের লকার থেকে প্রথমে ৯ বোতল মদ উদ্ধার করা হয়। পরে খাটের নিচ থেকে আরও ১১ বোতল মদ পাওয়া যায়। উদ্ধারকৃত মদের মধ্যে ১৭ বোতল ভদকা ও ৩ বোতল হুইস্কি রয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, অভিযুক্ত শিক্ষার্থীর বাড়ি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া গ্রামে। সীমান্তবর্তী এলাকা হওয়ায় তিনি অবৈধভাবে ভারত থেকে মদ সংগ্রহ করে ক্যাম্পাসে বিক্রি করতেন—এমন অভিযোগ উঠেছে। যদিও এসব অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেছেন, মাদকগুলো নিজের ব্যবহার ও বন্ধুদের দেওয়ার জন্য আনা হয়েছিল।
তবে অভিযুক্তের ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের পাশের জামসিং এলাকায় ভাড়া বাসা নিয়ে সেটিকে মাদক কারবারের কেন্দ্র হিসেবে ব্যবহার করতেন তিনি।
এ বিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক আব্দুর রাজ্জাক বলেন, ‘এই কক্ষে যাদের বরাদ্দ আছে তারা কেউ থাকেন না। আমরা তথ্য পেয়েছি, এখানে নিয়মিত মাদক সেবন করা হতো। অভিযানের পর ফজলে আজওয়াদের লকার ও খাটের নিচ থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলাবিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



















