মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কনিষ্ঠ ছেলে ব্যারন ট্রাম্পকে হত্যার হুমকি দেওয়া একটি ভিডিও প্রচারের ঘটনায় তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে সম্প্রতি প্রায় তিন মিনিটের ভিডিওটি প্রচার করা হয়।
সিক্রেট সার্ভিসের মুখপাত্র নেট হেরিং জানিয়েছেন, সংস্থাটি ভিডিওটির বিষয়ে অবগত রয়েছে। তাদের সুরক্ষাধীন ব্যক্তিদের প্রতি যেকোনো সম্ভাব্য হুমকিকে গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত করা হয় বলেও জানান তিনি।
ভিডিওটির শুরুতে ইংরেজিতে ব্যারন ট্রাম্পকে কোথায় হত্যা করা হবে—এমন প্রশ্ন লেখা ছিল। এরপর নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারসহ ব্যারন নিয়মিত যাতায়াত করেন বলে ধারণা করা হয়, এমন কয়েকটি স্থানের গ্রাফিক দেখানো হয়। ভিডিওর শেষ দিকে ব্যারনকে হত্যার বিনিময়ে এক কোটি ডলারের পুরস্কারের কথাও উল্লেখ করা হয়েছে।
সপ্তাহান্তে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি ভিডিওটি প্রচার করে। মার্কিন আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্রের দাবি, ট্রাম্প ও তার পরিবারের সদস্যদের লক্ষ্য করে ইরান থেকে প্রচারিত ধারাবাহিক হুমকির অংশ হিসেবেই ভিডিওটি তৈরি করা হয়েছে।
এর আগে ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে হত্যার হুমকি দেওয়া হলেও ব্যারন ট্রাম্পকে প্রকাশ্যে লক্ষ্য করে এমন হুমকি এবারই প্রথম বলে ধারণা করা হচ্ছে।
২০২০ সালে ইরানি জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার নির্দেশ দেওয়ার পর থেকেই ট্রাম্পের বিরুদ্ধে সম্ভাব্য ইরানি প্রতিশোধমূলক হামলার আশঙ্কা করে আসছে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক সময়েও ইরানে ট্রাম্পকে হত্যার জন্য পুরস্কার ঘোষণাসংবলিত পোস্টার দেখা যাওয়ার দাবি উঠেছে।
ব্যারন ট্রাম্পকে ঘিরে নতুন এই হুমকির পর বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে মার্কিন নিরাপত্তা সংস্থাগুলো। তদন্তের মাধ্যমে ভিডিওটির উৎস, উদ্দেশ্য এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।
সূত্র: সিএনএন


















