ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) বন্দি ও হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদ (৫৫) মারা গেছেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (মিডিয়া ও উন্নয়ন) জান্নাত-উল-ফরহাদ বলেন, তানভীর মাহমুদ সাজাপ্রাপ্ত কয়েদি ছিলেন। রমনা থানার একটি মামলায় দণ্ডপ্রাপ্ত এই বন্দিকে শনিবার বিকেলে অসুস্থ অবস্থায় ঢামেকের নতুন ভবনের একটি ওয়ার্ডে ভর্তি করা হয়। জটিল রোগে ভোগার পর সেখানেই তার মৃত্যু হয়।


















