জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কে তিনি ২৬ সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
প্রতিমন্ত্রী বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন ও অগ্রাধিকারের বিষয়গুলো তুলে ধরবেন। সফরকালে বিশ্বনেতাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠক এবং কয়েকটি গুরুত্বপূর্ণ সাইডলাইন বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।
আলোচনায় থাকবে বাংলাদেশের স্বার্থ
হুমায়ুন কবির জানান, নিউইয়র্ক সফরে বাংলাদেশের ভিশন তুলে ধরার পাশাপাশি দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনা করবেন প্রধানমন্ত্রী।
সাইডলাইন বৈঠকগুলোতে আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুর পাশাপাশি বাংলাদেশের অগ্রাধিকার ও স্বার্থের বিষয়গুলো গুরুত্ব পাবে বলেও জানান তিনি।
ট্রাম্পের সঙ্গে বৈঠক নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হবে কি না—এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রীর সফরের প্রাথমিক উদ্দেশ্য জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়া।
তিনি বলেন, সফরের সাইডলাইনে বেশ কিছু বৈঠক হবে এবং এসব বৈঠকের সিদ্ধান্ত অনেক সময় শেষ মুহূর্তে নেওয়া হয়। ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান বলেও উল্লেখ করেন তিনি।
প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে যাওয়ার পর যেসব রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে বৈঠক করবেন, সেগুলো সম্পর্কে গণমাধ্যমকে জানানো হবে।
রোহিঙ্গা সংকট গুরুত্ব পাবে
এদিকে যুক্তরাষ্ট্র সফরকালে রোহিঙ্গা সংকট নিরসনে একটি বিশেষ সাইডলাইন বৈঠক আয়োজনের কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি বলেন, বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা সংকট বড় গুরুত্ব পাবে। সংকটের টেকসই সমাধান এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের বিষয়টি এসব আলোচনায় তুলে ধরা হবে।


















