ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা ও ১০ দলীয় জোটের সমর্থনে শুক্রবার (২৩ জানুয়ারি, ২০২৬) দুপুরে পঞ্চগড় চিনিকল মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সমাবেশে তিনি উত্তরবঙ্গকে ঘিরে তার দলের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বলেন, “এতদিন স্লোগান ছিল টেকনাফ থেকে তেঁতুলিয়া, কিন্তু উন্নয়নের জোয়ার তেঁতুলিয়া পর্যন্ত পৌঁছাত না। এখন থেকে স্লোগান হবে ‘তেঁতুলিয়া থেকে টেকনাফ’।” তিনি উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলা এবং বন্ধ হয়ে যাওয়া চিনিকলগুলো পুনরায় সচল করার জোরালো প্রতিশ্রুতি দেন।
তারেক রহমানের ‘ফ্যামিলি কার্ড’-এর সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, “আমাদের কোনো কার্ড নেই, জনগণই আমাদের কার্ড। ২ হাজার টাকার খয়রাতি কার্ড দিয়ে পরিবারের অভাব দূর হবে না।” তিনি দুর্নীতি, চাঁদাবাজি ও অর্থ পাচার বন্ধ করে সেই টাকা দিয়ে ৬৪ জেলায় মেডিকেল কলেজ স্থাপন এবং বেকারমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন। এছাড়া তিনি পঞ্চগড়-১ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম এবং পঞ্চগড়-২ আসনে জামায়াতের প্রার্থী সফিউল আলম সুফিকে পরিচয় করিয়ে দিয়ে শাপলা কলি ও দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করেন। ডা. শফিকুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, ৫ আগস্টের পর নতুন জামা পরে আসা কোনো ফ্যাসিবাদের ছায়াও জনগণ আর বরদাশত করবে না।



















