মাদক কারবারি ও ছিনতাইকারীদের একাধিকবার আইনের আওতায় আনা হলেও আইনের বিভিন্ন সীমাবদ্ধতার কারণে তাদের দীর্ঘদিন আটক রাখা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, আইনগত প্রক্রিয়ার সুযোগ নিয়ে এসব অপরাধী আবারও বের হয়ে একই ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে।
শনিবার সকালে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে কমিউনিটি ব্যাংকের উদ্যোগে আয়োজিত ‘আমার শহর, আমার দেশ-পরিচ্ছন্নতায় বদলে যায় বাংলাদেশ’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। প্রায় প্রত্যেক মাদক কারবারি ও ছিনতাইকারী একাধিকবার আইনের আওতায় এসেছে। তবে আইনের ফাঁকফোকর ও বিভিন্ন সীমাবদ্ধতার কারণে তাদের সেভাবে আটক রাখা যাচ্ছে না। ফলে তারা পুনরায় মুক্ত হয়ে একই অপরাধে জড়িয়ে পড়ছে।
দেশের জনসংখ্যার তুলনায় পুলিশের সংখ্যা কম উল্লেখ করে তিনি বলেন, প্রায় এক হাজার মানুষের জন্য মাত্র একজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন। এ অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে।
মাদকের ভয়াবহতা তুলে ধরে আইজিপি বলেন, মাদক দেশের নতুন প্রজন্মকে ধ্বংস করছে। ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক নানা আকর্ষণীয় নামে তরুণদের হাতে তুলে দেওয়া হচ্ছে। অনেক সময় এগুলোকে ‘এনার্জি ট্যাবলেট’সহ বিভিন্ন নামে পরিচয় করিয়ে দেওয়া হয়। তাই সন্তানদের মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করতে পরিবার ও সমাজকে আরও সক্রিয় হতে হবে।
পরিবেশ ও পরিচ্ছন্নতা নিয়েও বক্তব্য দেন আইজিপি। তিনি বলেন, শুধু লোক দেখানো বা প্রচারের জন্য নয়, বাস্তবে পরিবর্তন আনার লক্ষ্যেই এ ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে। রাজধানীর পরিবেশ দূষণ কমাতে বেশি করে গাছ লাগানোর পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।
শিক্ষার্থীদের পুঁথিগত শিক্ষার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা অভিযান ও বিভিন্ন স্বেচ্ছাসেবী কার্যক্রমে যুক্ত করার ওপর গুরুত্ব দেন তিনি। এর মাধ্যমে নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব হবে বলেও মন্তব্য করেন আইজিপি।
ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ বলেন, ৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া বৃক্ষরোপণ কর্মসূচি বাংলাদেশ পুলিশ, ঢাকা শহর ও ঢাকা সিটি করপোরেশনের জন্য একটি মাইলফলক। এ কর্মসূচির মাধ্যমে শুধু গাছ লাগানো নয়, পুরো ঢাকা শহরে একটি সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করা হয়েছে।
তিনি বলেন, কমিউনিটি পুলিশ ও কমিউনিটি ব্যাংকের উদ্যোগে শুরু হওয়া এই ক্যাম্পেইন ধীরে ধীরে ঢাকা শহরের প্রতিটি এলাকায় ছড়িয়ে পড়বে বলে তিনি আশা করেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, পরিবেশ ভালো রাখতে পরিচ্ছন্নতার পাশাপাশি সবুজায়নের ওপরও গুরুত্ব দিতে হবে। রাষ্ট্র ও প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায় থেকে কোনো বিষয়ে গুরুত্ব দেওয়া হলে তা বাস্তবায়ন করা সম্ভব। একইভাবে নগরবাসী ঢাকাকে নিজের শহর মনে করে দায়িত্বশীল আচরণ করলে শহরের পরিবেশেও ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
অনুষ্ঠান শেষে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে একটি নিমগাছ রোপণ করেন আইজিপি মো. আলী হোসেন ফকির ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম। এ সময় কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন


















