ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই অভ্যন্তরীণ বাজারে প্রথমবারের মতো পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে চীন। দেশটির শীর্ষ অর্থনৈতিক পরিকল্পনা সংস্থা ‘ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন’ (NDRC) বুধবার এক ঘোষণায় জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের সাম্প্রতিক পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে পাম্প পর্যায়ে এই দাম কমানো হয়েছে।
চীনের বর্তমান নিয়ম অনুযায়ী, প্রতি ১০ কর্মদিবস অন্তর আন্তর্জাতিক বাজারের তেলের গড় দাম বিশ্লেষণ করে জ্বালানির খুচরা মূল্য পুনঃনির্ধারণ করা হয়। কমিশনের এই নতুন সিদ্ধান্তের ফলে সাধারণ গাড়িচালকদের খরচ কিছুটা কমবে। ধারণা করা হচ্ছে, ৫০ লিটারের একটি তেলের ট্যাংক পূর্ণ করতে এখন চালকদের আগের চেয়ে প্রায় ৩ মার্কিন ডলার কম খরচ করতে হবে।
উল্লেখ্য, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত শুরু হওয়ার পর বিশ্ববাজারে তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় জ্বালানির দাম কয়েক দফায় বৃদ্ধি পেয়েছিল। সেই প্রেক্ষাপটে বেইজিংও কয়েকবার তাদের অভ্যন্তরীণ বাজারে পেট্রোল ও ডিজেলের সর্বোচ্চ খুচরা মূল্য বাড়াতে বাধ্য হয়েছিল। যুদ্ধের কারণে সৃষ্ট অস্থিতিশীলতার মাঝে এই প্রথম দাম কমার ঘোষণা চীনের পরিবহন খাত ও সাধারণ ভোক্তাদের জন্য কিছুটা স্বস্তি নিয়ে এলো।



















