ইরানের শত্রুদের বিভিন্ন ষড়যন্ত্র মোকাবিলায় সরকারের নেওয়া পদক্ষেপের প্রশংসা করেছে দেশটির স্বেচ্ছাসেবী আধাসামরিক বাহিনী বাসিজ। একই সঙ্গে জাতীয় ঐক্য ধরে রাখতে সরকারকে ‘পরিমিত ও ভারসাম্যপূর্ণ’ নীতি অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
শনিবার আধা-সরকারি মেহর নিউজ এজেন্সিতে ‘সরকার সপ্তাহ’ উপলক্ষে প্রকাশিত এক বিবৃতিতে এসব কথা জানায় বাসিজ।
বিবৃতিতে সংগঠনটি বলেছে, জাতীয় ঐক্য বজায় রাখতে ইরানের সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কথা শুনতে হবে। একই সঙ্গে জনগণের ‘ন্যায্য দাবিগুলো’ গুরুত্বের সঙ্গে বিবেচনা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বাসিজ সতর্ক করে বলেছে, ইরানের শত্রুপক্ষ দেশটির সামাজিক সংহতি দুর্বল করতে অভ্যন্তরীণ বিভাজনকে কাজে লাগানোর চেষ্টা করতে পারে। এ পরিস্থিতিতে জাতীয় ঐক্য ও সামাজিক সংহতি আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিয়েছে সংগঠনটি।
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অন্যতম শাখা হিসেবে পরিচিত বাসিজ জানিয়েছে, সরকারকে প্রয়োজনীয় সহায়তা দিতে তারা প্রস্তুত রয়েছে।
পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সাধারণ জনগণের মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে তোলার আহ্বান জানিয়েছে সংগঠনটি। বাসিজের মতে, দেশের অভ্যন্তরীণ ঐক্য ও স্থিতিশীলতা বজায় রাখতে সরকার ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করা গুরুত্বপূর্ণ।
সূত্র: আল-জাজিরা।


















