চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী শনিবার। ওই দিন সকাল ১১টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। এরপর অনলাইন ও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।
মঙ্গলবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফল সংগ্রহের পদ্ধতি জানানো হয়েছে।
অনলাইনে যেভাবে ফল দেখবেন
পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইট eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd থেকে ফল দেখতে পারবেন। এ ছাড়া নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফলাফল দেখা ও ডাউনলোড করা যাবে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বোর্ডের ওয়েবসাইটের ‘রেজাল্ট’ কর্নারে গিয়ে নিজস্ব ইআইআইএন নম্বর ব্যবহার করে ফলাফলের শিট ডাউনলোড করতে পারবে। শিক্ষার্থীরা চাইলে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করতে পারবেন।
এসএমএসে ফল জানবেন যেভাবে
মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে:
HSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> 2026
এরপর মেসেজটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে। ফিরতি এসএমএসে পরীক্ষার ফল জানিয়ে দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় কিংবা সংবাদপত্রের কার্যালয় থেকে সরাসরি ফলাফল বিতরণ করা হবে না।
ফল পুনর্নিরীক্ষণের আবেদন
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হবে আগামী ১ নভেম্বর। আবেদন করা যাবে ৭ নভেম্বর পর্যন্ত। পুনর্নিরীক্ষণের বিস্তারিত নিয়ম ও আবেদনপ্রক্রিয়া সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।


















