হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সরকারের নানামুখী তৎপরতার মধ্যেই গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) এই রোগে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার স্বাস্থ্য অধিদফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। নিহত তিন শিশুরই বাড়ি ঢাকা বিভাগে। এদের মধ্যে একজন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল এবং বাকি দুজন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
অধিদফতরের তথ্য অনুযায়ী, গত এক দিনে সারা দেশে নতুন করে ১ হাজার ৩২ জন শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে, যার অর্ধেকের বেশি (৫০৫ জন) রাজধানী ঢাকার। একই সময়ে ৬৬৬ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে ৩১৫ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। ল্যাবরেটরি পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৭৬ জনের শরীরে, যার মধ্যে ৬১ জনই ঢাকার।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, গত কয়েক দিনের তুলনায় শনাক্তের হার কিছুটা ওঠানামা করলেও ঢাকা বিভাগে সংক্রমণের তীব্রতা এখনো উদ্বেগজনক। ২০ এপ্রিল থেকে সারা দেশে শুরু হতে যাওয়া বিশেষ টিকাদান ও ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিতরণ কর্মসূচিকে সামনে রেখে অভিভাবকদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কোনো শিশুর শরীরে জ্বর ও র্যাশ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার জন্য স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।



















