রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

আইনশৃঙ্খলা উন্নয়নে প্রশাসন-জনপ্রতিনিধিদের সমন্বয় জরুরি: টুকু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৩, ২০২৬ ৬:০৬ অপরাহ্ণ

Spread the love

জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে কাজ করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত সুলতান সালাউদ্দিন টুকু।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং জনপ্রতিনিধিদের মধ্যে কার্যকর সমন্বয় অত্যন্ত জরুরি।

রোববার ঢাকা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন উন্নয়ন কার্যক্রম নিয়ে সংসদ সদস্য ও প্রশাসনের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়। রাজনৈতিক নেতৃত্ব, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগের মাধ্যমেই নিরাপদ ও স্থিতিশীল সমাজ গড়ে তোলা সম্ভব।

মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, মাদক বর্তমানে সমাজের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে জড়িয়ে পড়ছে। মাদকের বিস্তার রোধে প্রশাসন, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

রাজধানী ও আশপাশের এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ নজরদারির ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, অপরাধপ্রবণ এলাকাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়াতে হবে। পাশাপাশি রাজনৈতিক ও সামাজিকভাবে জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগও নিতে হবে।

বিগত সরকারের সমালোচনা

বিগত সরকারের সমালোচনা করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, অনিয়মতান্ত্রিকভাবে রাষ্ট্র পরিচালনা, জুলুম-নির্যাতন ও ব্যাপক দুর্নীতির মাধ্যমে দেশকে সংকটের দিকে ঠেলে দেওয়া হয়েছিল। তার দাবি, ওই সময়ে দেশের অর্থ বিদেশে পাচার করা হয়েছে।

তিনি বলেন, সেই পরিস্থিতি থেকে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রধানমন্ত্রীর নেতৃত্বে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে। সরকার পরিস্থিতির উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে। সবাই ঐক্যবদ্ধ ও দায়িত্বশীলভাবে কাজ করলে যেকোনো পরিস্থিতির উন্নতি করা সম্ভব।

ডেঙ্গু নিয়ন্ত্রণে জোর

ডেঙ্গু পরিস্থিতি নিয়েও সতর্ক করে প্রতিমন্ত্রী বলেন, আগামী কয়েক মাস ডেঙ্গুর ঝুঁকি আরও বাড়তে পারে। এ জন্য পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা, মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বাড়াতে জনপ্রতিনিধি, প্রশাসন ও স্থানীয় জনগণকে একযোগে কাজ করতে হবে।

এ ছাড়া আবাসিক হোটেল, গেস্টহাউসসহ বিভিন্ন স্থানে অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত তদারকি আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন তিনি।

জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, রাষ্ট্রের কর্মকর্তা হিসেবে জনগণের কল্যাণ ও রাষ্ট্রের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, রাষ্ট্র ও জনগণের স্বার্থেই প্রশাসনের সব কর্মকাণ্ড পরিচালনা করা উচিত।

সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানম। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

এ সময় ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ, পুলিশ সুপার শামীমা পারভীন, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ