জর্ডানে ত্রিদেশীয় টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশ নারী ফুটবল দলের প্রধান কোচ পিটার বাটলার ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন। এই দলে ৯ জন ‘বিদ্রোহী’ ফুটবলার এবং ৩ জন নতুন মুখ জায়গা পেয়েছেন।
স্কোয়াডে স্থান পাওয়া ৯ ‘বিদ্রোহী’ ফুটবলার হলেন: রুপনা চাকমা, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, মনিকা চাকমা, মারিয়া মান্ডা, ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র ও মোসাম্মৎ সাগরিকা। তিন নতুন মুখ হলেন: গোলরক্ষক ফেরদৌসী আক্তার, মিডফিল্ডার শান্তি মার্ডি ও ফরোয়ার্ড উমেলা মারমা।
উল্লেখ্য, প্রধান কোচ পিটার বাটলারকে ছাঁটাইয়ের দাবিতে ১৮ জন নারী ফুটবলার কঠোর অবস্থানে ছিলেন, পরে বাফুফের হস্তক্ষেপে তারা সরে আসেন। তবে, এই দলে পাঁচজন সাফজয়ী ফুটবলার – সাবিনা খাতুন, মাসুরা পারভীন, মাতসুশিমা সুমাইয়া, কৃষ্ণা রানী ও সানজিদা আক্তার – জায়গা পাননি।
সাবিনার বাদ পড়া প্রসঙ্গে বাটলার বলেন, “সাবিনার অনেক অর্জন রয়েছে। সেটার প্রতি আমি অশ্রদ্ধাশীল নই। এরপরও বলবো তার (সাবিনা) সময় শেষের দিকে। মাসুরা এখন সঠিক শেপে নেই। এই বাস্তবতা মানতে হবে।”
সর্বশেষ সংযুক্ত আরব আমিরাত সফরের স্কোয়াডে থাকা ১১ জন খেলোয়াড়কে (আফঈদা খন্দকার, মেঘলা রানী, জয়নব বিবি, মুনকি আক্তার, স্বপ্না রানী, কোহাতি কিসকু, হালিমা আক্তার, শাহেদা আক্তার, সুরভী আকন্দ, মোসাম্মৎ সুলতানা ও নবীরন খাতুন) তিনি তার নতুন স্কোয়াডে রেখেছেন।
আগামী ২৩ জুন মিয়ানমারে শুরু হবে এএফসি উইমেন্স এশিয়ান কাপ বাছাইপর্ব। ‘সি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান। এই টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল ৩১ মে ও ৩ জুন স্বাগতিক জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে।
বাংলাদেশের ২৩ সদস্যের স্কোয়াড:
- গোলরক্ষক: রুপনা চাকমা, মেঘলা রানী, ফেরদৌসী আক্তার।
- ডিফেন্ডার: শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার, জয়নব বিবি।
- মিডফিল্ডার: মনিকা চাকমা, মারিয়া মান্ডা, মুনকি আক্তার, স্বপ্না রানী, কোহাতি কিসকু, হালিমা আক্তার, শান্তি মার্ডি।
- ফরোয়ার্ড: ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, মোসাম্মৎ সাগরিকা, শাহেদা আক্তার, সুরভী আকন্দ, মোসাম্মৎ সুলতানা, নবীরন খাতুন ও উমেলা মারমা।



















