রাজধানীর উত্তরখানে গোপনে বৈঠক করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও অন্তত ৩০ জন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উত্তরখান থানার তালতলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
মধ্যরাতে বিষয়টি নিশ্চিত করেন উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তালতলা এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় একটি গোপন বৈঠক থেকে যুবলীগের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।
ওসি বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা আরও অন্তত ৩০ জন নেতাকর্মী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
তবে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার আটজনের নাম-পরিচয় জানা যায়নি। এ বিষয়ে পরবর্তী সময়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।


















