আসন্ন জাতীয় নির্বাচনে জনগণকে হ্যাঁ-না ভোটের ধারণা বোঝানো বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন তথ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় সভাপতিত্ব করেন প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামুল কবীর।
তথ্য সচিব বলেন, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং এ ক্ষেত্রে জনসংযোগ কর্মকর্তা ও আঞ্চলিক তথ্য কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, গত ১৫ বছরের নির্বাচনী অভিজ্ঞতার কারণে জনগণের মধ্যে একটি তিক্ততা রয়েছে। তাই তরুণ, নারী এবং অনগ্রসর অঞ্চলের ভোটারদের ভোটে আগ্রহী করে তুলতে হবে। পাশাপাশি জনগণ হ্যাঁ-না ভোটের সঙ্গে পরিচিত না হওয়ায় বিষয়টি সহজভাবে ব্যাখ্যা করাও জরুরি।
মাহবুবা ফারজানা গুজব ও অপতথ্য প্রতিরোধে তথ্য কর্মকর্তাদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি জানান, নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের সঙ্গে যৌথভাবে প্রচার-প্রচারণা চালাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ৩০ জেলার সাংবাদিকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করা হবে।



















