সোমবার , ৯ ফেব্রুয়ারি ২০২৬ | ৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ক্ষমতায় এলে মামুনুল হককে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৯, ২০২৬ ১২:০২ অপরাহ্ণ

Spread the love

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঘোষণা করেছেন যে, জামায়াত-এনসিপিসহ ১১-দলীয় নির্বাচনী জোট আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করলে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হককে মন্ত্রী করা হবে। সোমবার (৯ ফেব্রুয়ারি, ২০২৬) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঢাকা-১৩ আসনের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। শফিকুর রহমান বলেন, মামুনুল হক নির্বাচিত হলে তিনি কেবল একটি নির্দিষ্ট আসনের প্রতিনিধি হবেন না, বরং সংসদে ১৮ কোটি মানুষের অধিকার, আলেম-ওলামাদের মর্যাদা এবং ইনসাফ প্রতিষ্ঠার পক্ষে একজন শক্তিশালী মন্ত্রী হিসেবে ভূমিকা রাখবেন।

সমাবেশে ডা. শফিকুর রহমান নির্বাচন কমিশন কর্তৃক ভোটকেন্দ্রের ৪০০ গজের ভেতরে মোবাইল ফোন ও রেকর্ডিং ডিভাইস নিষিদ্ধ করার সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেন। তিনি এই পদক্ষেপকে ‘অন্ধকার গলিপথে হাঁটার চেষ্টা’ হিসেবে অভিহিত করে বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় যেমন ইন্টারনেট বন্ধ করে অপরাধ গোপনের চেষ্টা করা হয়েছিল, বর্তমান কমিশনের এই সিদ্ধান্তও তেমন কিছুর ইঙ্গিত দিচ্ছে। একই মঞ্চে উপস্থিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলামের আল্টিমেটাম স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, আজ সন্ধ্যার মধ্যে এই ‘কালো প্রজ্ঞাপন’ প্রত্যাহার না করলে নির্বাচন ভণ্ডুল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশব্যাপী কঠোর আন্দোলন শুরু হবে।

১১-দলীয় জোটের ঐক্যকে ‘জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষার প্রতিফলন’ হিসেবে উল্লেখ করে জামায়াতের আমির বলেন, এই ঐক্য মূলত চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদীদের বিরুদ্ধে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জুলাই আন্দোলনের যোদ্ধারা এখনো জেগে আছে এবং কোনোভাবেই জনগণের ভোট ছিনতাইয়ের দুঃসাহস সহ্য করা হবে না। সমাবেশে ঢাকা-১৩ আসনে জোটের প্রার্থী মামুনুল হকের পক্ষে ভোট চেয়ে তিনি একটি বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। মাওলানা মাহফুজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে জোটের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।

সর্বশেষ - অপরাধ