আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরুর লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বুধবার (২১ জানুয়ারি, ২০২৬) রাতে সিলেটে পৌঁছেছেন। দীর্ঘ ২০ বছর পর পুণ্যভূমি সিলেটে তার এই সফরকে কেন্দ্র করে নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। রাত ৭টা ৫৬ মিনিটে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এরপর সরাসরি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করেন এবং মাজার মসজিদে এশার নামাজ আদায় করেন। পরে তিনি হযরত শাহপরান (র.)-এর মাজার জিয়ারত সম্পন্ন করেন। তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্ত্রী ডা. জোবায়দা রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের কেন্দ্রীয় ও তরুণ নেতৃবৃন্দ।
সফরসূচি অনুযায়ী, আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন তারেক রহমান। এই জনসভার মাধ্যমেই তিনি দেশব্যাপী বিএনপির আনুষ্ঠানিক প্রচারণার শুভ উদ্বোধন করবেন। সিলেট সফর শেষে তিনি সড়কপথে ঢাকা ফেরার পথে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে আরও ছয়টি পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে। তারেক রহমানের এই সফরকে ঘিরে পুরো সিলেট নগরী ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে ছেয়ে গেছে এবং জনসভাস্থল ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



















