দেশের ২০ জেলার ওপর দিয়ে চলমান মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ আরও অন্তত দুই দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়—৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ মাসের অন্তত মাঝামাঝি সময় পর্যন্ত শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং এর বিস্তৃতি কমবেশি হতে পারে বলেও জানানো হয়েছে।
জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, রংপুর ও রাজশাহী বিভাগের সব জেলাসহ নরসিংদী, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া—এই চার জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ফলে মোট ২০ জেলায় শীতের দাপট অনুভূত হচ্ছে।
এর আগে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দেশের ২৪ জেলায় শৈত্যপ্রবাহ ছিল এবং সেদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৭ ডিগ্রি সেলসিয়াস। বুধবার (৭ জানুয়ারি) নওগাঁর বদলগাছীতে ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়, যা চলতি শীত মৌসুমের সর্বনিম্ন।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে এবং আগামী ১০ জানুয়ারির দিকে উত্তর শ্রীলঙ্কা উপকূল অতিক্রম করতে পারে। পাশাপাশি উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করায় শৈত্যপ্রবাহের প্রভাব অব্যাহত রয়েছে।



















