প্রথম আলো ও ডেইলি স্টারসহ সংবাদ প্রতিষ্ঠান এবং সাংবাদিকদের ওপর হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, কোনো ধরনের অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডে না জড়িয়ে নিয়মতান্ত্রিক ও দায়িত্বশীল আন্দোলন চালিয়ে যেতে হবে।
বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
এর আগে শাহবাগ থেকে একদল বিক্ষোভকারী প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা চালায়। এ সময় ডেইলি স্টার ভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং কয়েকজন সাংবাদিক ভেতরে আটকা পড়েন বলে জানা যায়।
শাহবাগে বক্তব্যে মাহফুজ আলম বলেন, “সাংবাদিকদের উদ্ধার করুন। সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি—এই সাংবাদিক ও মিডিয়া প্রতিষ্ঠানগুলোকে সুরক্ষা দিন। আমরা অন্তর্ঘাতের মাধ্যমে এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত হতে দেব না।”
তিনি বলেন, যারা হামলা চালিয়েছে তাদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। “আমরা খুবই স্পষ্ট—আমরা কী চাই, কীভাবে চাই এবং কখন চাই। কোনো অস্পষ্টতা নেই। কেউ যেন অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডে সায় না দেন। সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”
মাহফুজ আলম আরও বলেন, জুলাই অভ্যুত্থানের পক্ষে অবস্থান নেওয়া মিডিয়া ও সাংবাদিকদের সবাইকে সম্মিলিতভাবে সুরক্ষা দিতে হবে এবং তাদের কাজ করার সুযোগ নিশ্চিত করতে হবে। “বাংলাদেশসহ সারা বিশ্ব জানুক—আমরা নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমেই আমাদের দাবি আদায় করতে পারি।”
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, আরও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা থাকতে পারে। কোনো ধর্মীয় স্থাপনা কিংবা মিডিয়াসহ স্পর্শকাতর স্থানে হামলার চেষ্টা হলে দেশের সকল নাগরিককে এগিয়ে এসে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।


















