রবিবার , ১ জুন ২০২৫ | ৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

জামালপুরের মাদারগঞ্জে নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান: ৭.৩ মিলিয়ন ঘনফুট চাপে গ্যাস উত্তোলন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১, ২০২৫ ৩:৩৪ অপরাহ্ণ

Spread the love

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ইউনিয়নের তারতাপাড়া গ্রামে ‘জামালপুর-১ অনুসন্ধান’ নামের একটি গ্যাসকূপে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। আজ রোববার দুপুর থেকে এই কূপ থেকে ৭.৩ মিলিয়ন ঘনফুট চাপে গ্যাস বের হচ্ছে।

‘জামালপুর-১ অনুসন্ধান’ কূপ খনন প্রকল্পের কর্মকর্তারা জানিয়েছেন, ২ হাজার ৬০০ মিটার খননের পর ১ হাজার ৪৪৪ মিটার মাটির নিচের স্তর থেকে এই গ্যাস উত্তোলন করা হচ্ছে। আগামী ৭২ ঘণ্টা প্রাথমিক পরীক্ষা শেষে কূপটিতে গ্যাসের প্রকৃত পরিমাণ এবং অন্য কোনো খনিজ পদার্থ যেমন তেল আছে কি না, তা জানা যাবে।

প্রকল্পের পরিচালক মো. মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, “এই মুহূর্তে বলা যাচ্ছে না, কূপটিতে কী পরিমাণ গ্যাস আছে। পরীক্ষা শেষে গ্যাসের পরিমাণ জানা যাবে। বের হওয়া গ্যাসের মধ্যে অন্য কোনো খনিজ পদার্থ আছে কি না, সেটাও পরীক্ষা করে দেখা হবে।”


গ্যাস সংকট মোকাবিলায় সরকারের উদ্যোগ

বাপেক্স সূত্রে জানা গেছে, দেশের চলমান গ্যাসসংকট মোকাবিলায় সরকার দেশীয় জ্বালানি উৎস অনুসন্ধানে কাজ করছে। এই লক্ষ্যে ২০২৪-২০২৬ অর্থবছরে মোট ৫০টি কূপ অনুসন্ধান, উন্নয়ন ও ওয়ার্কওভার কূপ খননের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তারই অংশ হিসেবে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের আওতাধীন বাপেক্স এক্সপ্লোরেশন ব্লক-৮-এর আওতায় ‘জামালপুর-১ অনুসন্ধান’ কূপটি খননের উদ্যোগ নেওয়া হয়।

এই কূপ খননের সিদ্ধান্ত ১৯৮০ সালের সাইসমিক জরিপ, ২০১৪-১৫ সালের সাইসমিক জরিপ এবং ২০১৫-১৬ সালের ক্লোজ গ্রিড সাইসমিক জরিপের তথ্যের ভিত্তিতে নেওয়া হয়। প্রায় ১৬৮ কোটি টাকা ব্যয়ে এই কূপ খনন কাজ শুরু হয়েছিল, যেখানে বাপেক্সের প্রকৌশলী, শ্রমিকসহ ২২০ জন ব্যক্তি যুক্ত আছেন।

চলতি বছরের ১৩ জানুয়ারি কূপ খননের স্থানে ড্রিলিং রিগ স্থাপন করা হয় এবং ২৪ জানুয়ারি বাপেক্স আনুষ্ঠানিকভাবে কূপের খনন কাজ উদ্বোধন করে। এর আগে ২০১৪ সালেও একই এলাকায় গ্যাসের সন্ধান পাওয়া গিয়েছিল।

সর্বশেষ - অপরাধ