দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা পাঁচ দিন ধরে রেকর্ড হচ্ছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। হিমালয় থেকে নেমে আসা শীতল বাতাসের প্রভাবে সেখানে শীতের তীব্রতা বেড়েই চলেছে।
বুধবার (১০ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে আসে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে, বাতাসের আর্দ্রতা ছিল ৭৭ শতাংশ। ভোর ৬টায় তাপমাত্রা ছিল ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলায় সূর্য উঠলেও ঠান্ডার প্রভাব তেমন কমছে না।
স্থানীয়দের মতে, গত কয়েকদিন ধরে দিন ও রাতের তাপমাত্রায় বড় পার্থক্য থাকায় শীতের অনুভূতি আরও তীব্র হচ্ছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষজন ও খোলা আকাশের নিচে কাজ করা শ্রমজীবীরা পড়েছেন চরম ভোগান্তিতে। অনেকেই খড়কুটো জ্বালিয়ে বা আগুন পোহানো ছাড়া উপায় পাচ্ছেন না।
গত মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা রাতের সাথে বড় ধরনের তাপমাত্রা বৈষম্য তৈরি করেছে। এই বৈষম্যের ফলে এলাকায় শীতের দাপট আরও বাড়ছে বলে জানিয়েছে স্থানীয়রা।
তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, ডিসেম্বরের শুরু থেকেই তাপমাত্রা নিম্নমুখী। “মাসের শুরুতেই এমন ঠান্ডা তৈরি হওয়ায় সামনে শৈত্যপ্রবাহ আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে,” বলেন তিনি।



















