চলতি নভেম্বর মাসের মধ্যেই দেশে জেঁকে বসতে পারে শীত। আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানা গেছে, আগামী ১০ নভেম্বর থেকেই উত্তরাঞ্চলে শীতের আমেজ শুরু হবে এবং মাসের শেষ দিকে তা সারাদেশে ছড়িয়ে পড়বে।
রবিবার (২ নভেম্বর) প্রকাশিত পূর্বাভাসে বলা হয়, নভেম্বর মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বঙ্গোপসাগরে তিনটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এসব আবহাওয়াজনিত কারণে মাসের শুরু থেকেই শীতের অনুভূতি বাড়বে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে হ্রাস পাবে, এবং দেশের বিভিন্ন স্থানে ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, ১০ নভেম্বরের পর থেকে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারীতে শীতের আগমন ঘটবে, যা পরবর্তীতে ঢাকাসহ সারাদেশে ছড়িয়ে পড়বে।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, ডিসেম্বরের প্রথমার্ধেই রাজধানীতে শীত ভালোভাবে অনুভূত হবে। তিনি বলেন, “এ বছর শীত স্বাভাবিকের তুলনায় কিছুটা দীর্ঘ ও শীতল হতে পারে। ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে।”



















