আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফেনী-০১, বগুড়া-০৭ ও দিনাজপুর-০৩ আসনে প্রার্থী হয়েছেন। আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-০১ আসনে লড়বেন।
সোমবার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, ঘোষিত তালিকা প্রাথমিক পর্যায়ের এবং কিছু আসন পরে ঘোষণা করা হবে। এছাড়া শরিকদের জন্য কিছু আসন ছেড়ে দেওয়া হবে। ঘোষিত তালিকায় ১২টি আসনে নারী প্রার্থী রয়েছে।
প্রার্থী তালিকা ঘোষণার আগে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন তারেক রহমান। বৈঠকে নির্বাচনের প্রস্তুতি ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ডিসেম্বরের শুরুতে নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।


















