টাঙ্গাইলের কালিহাতীতে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মাইক্রোবাসের ধাক্কায় সিএনজিতে আগুন লেগে এক যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনা ঘটে টাঙ্গাইল-তারাকান্দি সড়কের নগরবাড়ি এলাকায়।
নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি। আহত সিএনজি চালক শান্তকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাতে জানা যায়, একজন যাত্রী নিয়ে ভূঞাপুরগামী সিএনজিটিকে পেছন দিক থেকে একটি মাইক্রোবাস ধাক্কা দিলে মুহূর্তেই আগুন ধরে সিএনজিটি সম্পূর্ণ পুড়ে যায়। পরে ভূঞাপুর ও এলেঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিসের লিডার মো. স্বপন আলী জানান, “মাইক্রোবাসের ধাক্কার সঙ্গে সিলিন্ডার বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়ে। আমরা আগুন নিয়ন্ত্রণে আনলেও একজন যাত্রী ঘটনাস্থলেই মারা যান।”



















