সুদানে চলমান দুই বছরের ভয়াবহ গৃহযুদ্ধে প্রায় দেড় লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ২০২৩ সালের এপ্রিল থেকে দেশটির সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)–এর মধ্যে সংঘাত শুরু হয়, যার ফলে দেশজুড়ে রক্তক্ষয়ী যুদ্ধ চলতে থাকে। সম্প্রতি সুদানের দারফুর অঞ্চলের এল-ফাশার শহরে ভয়াবহ গণহত্যার ঘটনা ঘটেছে।
আন্তর্জাতিক মহল এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান সোমবার ইস্তাম্বুলে অনুষ্ঠিত ওআইসি অর্থনৈতিক সম্মেলনে মুসলিম বিশ্বের কাছে সুদানে রক্তপাত বন্ধের দায়িত্ব নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “এল-ফাশারে বেসামরিক নাগরিকদের ওপর সাম্প্রতিক গণহত্যা মেনে নেওয়া যায় না। মুসলিম বিশ্বের কাছে সবচেয়ে বড় দায়িত্ব হলো দ্রুত রক্তপাত বন্ধ করা।”
এরদোয়ান আরও উল্লেখ করেন, সুদানের জনগণের পাশে দাঁড়ানো এবং মানবিক সহায়তা ও উন্নয়ন সমর্থন অব্যাহত রাখা জরুরি। তিনি সুদানের আঞ্চলিক অখণ্ডতা, সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় মুসলিম বিশ্বের দায়িত্বের ওপর গুরুত্ব আরোপ করেছেন।
সূত্র: এএফপি।


















