জ্বালানি সংকটের কারণে মালিতে রবিবার থেকে দেশব্যাপী সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। জঙ্গি গোষ্ঠীর অবরোধে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় এ সিদ্ধান্ত নেয় দেশটি।
মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, মালির শিক্ষামন্ত্রী আমাদু সি সাভানে রাষ্ট্রীয় টেলিভিশনে এক ঘোষণায় বলেন, “জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটায় শিক্ষক ও কর্মীদের চলাচল ব্যাহত হচ্ছে—এ কারণেই দুই সপ্তাহের জন্য ক্লাস স্থগিত করা হয়েছে।”
তিনি জানান, সরকার “যত দ্রুত সম্ভব” জ্বালানি সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করছে, যাতে ১০ নভেম্বর থেকে ক্লাস পুনরায় শুরু করা যায়।
গত সেপ্টেম্বরে আল-কায়েদা সমর্থিত জঙ্গি গোষ্ঠী জামা’আত নুসরাত আল-ইসলাম ওয়াল-মুসলিমিন প্রতিবেশী দেশগুলো থেকে মালিতে জ্বালানি আমদানি নিষিদ্ধ করে। এতে ভূমিবেষ্টিত দেশটির ভঙ্গুর অর্থনীতি আরও বিপর্যস্ত হয়ে পড়ে, শত শত জ্বালানিবাহী ট্রাক সীমান্তে আটকে যায়।
বর্তমানে রাজধানী বামাকোতে জ্বালানি স্টেশনে লম্বা লাইন, পণ্যমূল্য বৃদ্ধি এবং পরিবহন সংকটে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে।
মালি, বুরকিনা ফাসো ও নাইজার—এই তিন দেশ গত কয়েক বছর ধরে আল-কায়েদা ও আইএস-সংঘাত মোকাবিলায় রুশ ভাড়াটে সেনাদের সহযোগিতায় লড়াই চালিয়ে যাচ্ছে, তবে তাতে স্থিতিশীলতা ফেরেনি।
সূত্র: এবিসি নিউজ



















