রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি করতে দায়ের করা ১৬ হাজার ৪২৯টি মিথ্যা মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার রাত ৮টা ১৩ মিনিটে সরকারের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, দীর্ঘদিন ধরে আইনকে অপব্যবহার করে হাজারো নিরীহ মানুষকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, যা অভিযুক্ত ও তাদের পরিবারকে ভোগান্তিতে ফেলেছে এবং রাজনৈতিক ও বিচারব্যবস্থাকে বিকৃত করেছে।
সরকার জানায়, এসব মামলা প্রত্যাহারের মূল উদ্দেশ্য হলো অন্যায় হয়রানি বন্ধ করা, রাজনৈতিক উত্তেজনা প্রশমিত করা এবং নির্বাচনের আগে সমতাভিত্তিক পরিবেশ নিশ্চিত করা।
এছাড়া, অন্যায়ভাবে অভিযুক্তদের ন্যায়বিচার ফিরিয়ে দিয়ে একটি ন্যায্য রাজনৈতিক পরিবেশ তৈরি হবে বলে উল্লেখ করা হয়। এতে নির্বাচনে অংশগ্রহণ আরও বিস্তৃত হবে এবং বিচারব্যবস্থা ও রাজনৈতিক ব্যবস্থার প্রতি জনগণের আস্থা বৃদ্ধি পাবে, যা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নেবে।


















