প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়।
পরে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে বৈঠকের সিদ্ধান্ত জানানো হয়। সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত পরিপত্রে ৭ নভেম্বরকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ নামে পালন করা হবে।
এ ছাড়া দুর্গাপূজার ছুটি ও সাপ্তাহিক ছুটির মধ্যবর্তী ২২ অক্টোবর বৃহস্পতিবার সরকারি অফিস বন্ধ রাখার প্রস্তাবও অনুমোদন করেছে মন্ত্রিসভা।
এর ফলে দুর্গাপূজা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটির সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি পাবেন। এ ছুটির সমন্বয়ের জন্য ১৭ অক্টোবর শনিবার সরকারি অফিস খোলা থাকবে।


















