মাদক ও সাইবার অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন মো. আলী হোসেন ফকির। তিনি রাজধানীর সিআইডি সদর দপ্তরে আয়োজিত ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভার সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন।
আইজিপি বলেন, দায়িত্বশীলতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি আরও শক্তিশালী ও জনবান্ধব করা সম্ভব। তিনি উল্লেখ করেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে এবং সফল জাতীয় নির্বাচন আয়োজনের মাধ্যমে পুলিশ সদস্যরা নতুন আত্মবিশ্বাস অর্জন করেছে।
তিনি আরও বলেন, অপরাধ তদন্তে সিআইডি একটি শীর্ষ সংস্থা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই তদন্তের গতি ও মান উন্নত করে নির্ধারিত সময়ে মামলা নিষ্পত্তি নিশ্চিত করতে হবে। এ জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের তদারকি বাড়ানোর পাশাপাশি মাঠপর্যায়ের কর্মকর্তাদেরও দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান তিনি।
পুলিশ বাহিনীর সততা ও নৈতিকতা অক্ষুণ্ন রাখার ওপর গুরুত্ব দিয়ে আইজিপি বলেন, ব্যক্তিগত স্বার্থ বা অনিয়মে জড়ালে পুরো বাহিনীর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়। তাই সব ধরনের অনিয়ম থেকে বিরত থেকে পেশাদার আচরণ নিশ্চিত করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন সিআইডি প্রধান মোসলেহ উদ্দিন আহমদ। তিনি জানান, দুই দিনব্যাপী এ সভায় বিভিন্ন ইউনিট তাদের কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেছে এবং আলোচনার ভিত্তিতে বাস্তবসম্মত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
এ সময় অপরাধের মূল কারণ বিশ্লেষণ, দ্রুত প্রতিক্রিয়ার জন্য কুইক রেসপন্স টিম গঠন এবং বিজ্ঞানভিত্তিক তদন্ত পদ্ধতি জোরদারের নির্দেশনা দেওয়া হয়। শেষে সিআইডির বিভিন্ন ইউনিটের কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার প্রদান করা হয়।



















