রাজধানীবাসীকে একটি বাসযোগ্য নগরী উপহার দিতে যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।
রোববার বিকেলে রাজধানীর মগবাজারে সামাজিক সংগঠন ‘ফুটস্টেপ’-এর উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, রাজধানীবাসীর জন্য একটি বাসযোগ্য নগরী গড়ে তুলতে ফুটপাত দখলমুক্ত করা হবে। আধুনিক নগরী উপহার দেওয়াই বর্তমান সরকারের লক্ষ্য।
সরকার সেই লক্ষ্য বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, মিরপুরের পাশাপাশি রাজধানীর যেখানেই ফুটপাত দখলের কারণে বিশৃঙ্খলা তৈরি হবে, সেখানেই অভিযান চালাবে ঢাকা উত্তর সিটি করপোরেশন। যত বাধাই আসুক না কেন, নগর উন্নয়নের মাধ্যমে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।
পরিচ্ছন্নতার পাশাপাশি সবুজায়নের মাধ্যমে একটি বাসযোগ্য রাজধানী গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।
প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেন শফিকুল ইসলাম খান মিল্টন। তবে জনগণের ভোটে নির্বাচিত সরকার এসব ষড়যন্ত্র প্রতিহত করে দেশের উন্নয়নের স্বার্থে কাজ করবে বলেও জানান তিনি।
এ সময় নগর উন্নয়নে সামাজিক সংগঠন ‘ফুটস্টেপ’-এর ভূমিকার প্রশংসা করেন ডিএনসিসি প্রশাসক। তিনি বলেন, এ ধরনের স্বেচ্ছাসেবী সংগঠনকে সর্বোচ্চ সহায়তা করা হবে।


















