দুর্নীতি, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ক্ষমতার ব্যাপক অপব্যবহারের গুরুতর অভিযোগে অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে প্রচলিত আইনি প্রক্রিয়ায় বিচার নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি নিশ্চিত করেছেন যে, বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরত আনার লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় নিরবচ্ছিন্ন যোগাযোগ ও নথিপত্র আদান-প্রদান অব্যাহত রেখেছে। রবিবার (২ আগস্ট) দুপুরে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, সাবেক এই আইজিপির বিষয়ে ইউএই সরকার বাংলাদেশের কাছে বেশ কিছু সুনির্দিষ্ট তথ্য, প্রমান ও নথিপত্র চেয়েছিল, যা স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে তাদের কাছে ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত তাদের নিজস্ব আইনি কাঠামোর মধ্যে থেকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে এবং বাংলাদেশ সরকারও আইনি প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করতে কাজ করছে। সব কূটনৈতিক ও আইনি আনুষ্ঠানিকতা শেষে খুব শিগগিরই বেনজীর আহমেদকে ঢাকায় এনে বিচারকাজ সম্পন্ন করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।


















