জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম মন্তব্য করেছেন, জাতীয় সংসদের প্রথম অধিবেশন প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। তার অভিযোগ, গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে আলোচনা না করে সরকার একতরফাভাবে অধিবেশন পরিচালনা করেছে।
রোববার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত ‘জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার, সংস্কার ও গণভোট’ শীর্ষক জাতীয় কনভেনশনে সভাপতির বক্তব্যে তিনি বলেন, সংসদে জনগণের প্রত্যাশার প্রতিফলন না ঘটলে রাজপথের আন্দোলনই বিকল্প হয়ে দাঁড়াতে পারে।
নাহিদ ইসলাম দাবি করেন, দীর্ঘদিন ধরে দেশে গণতান্ত্রিক কাঠামো দুর্বল রয়েছে এবং সংবিধান বারবার রাজনৈতিকভাবে প্রভাবিত হয়েছে। তিনি উচ্চকক্ষ প্রতিষ্ঠা, সংবিধান সংশোধনে গণভোটের বিধান এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে দলীয় প্রভাবমুক্ত নিয়োগ ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, কেবল সংশোধন নয়, একটি টেকসই ও ভারসাম্যপূর্ণ সাংবিধানিক কাঠামো গড়ে তুলতে হলে সর্বদলীয় ঐকমত্য প্রয়োজন। একই সঙ্গে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করাও জরুরি বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও অংশ নেন। আলোচনায় দেশের রাজনৈতিক সংস্কার, জবাবদিহিতা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।



















