দেশে সংক্রামক রোগ Measles (হাম)-এর প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হাম সন্দেহে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই সময়ে সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৩০২ জন। আর গত ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ৭৯৩ জনে।
একই সময়ে নিশ্চিত হামরোগীর সংখ্যা গত ২৪ ঘণ্টায় ১৫৪ জন এবং ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত মোট ৫ হাজার ৪৬৭ জনে পৌঁছেছে।
হাসপাতাল সংশ্লিষ্ট তথ্য বলছে, ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে ২৮ হাজার ৮৪২ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ হাজার ১৫১ জন।
মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে ২ জনের মৃত্যু হয়েছে। আর একই সময়ের মধ্যে (১৫ মার্চ–৪ মে) নিশ্চিত হামে মোট ৫২ জন প্রাণ হারিয়েছেন।
অন্যদিকে, শুধুমাত্র গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে মারা গেছেন ১৫ জন। এ নিয়ে একই সময়সীমায় সন্দেহজনক হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৫৯ জনে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো টিকাদান এবং জনসচেতনতা বাড়ানো না গেলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।



















