রবিবার , ১৮ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

শাহজালালে লাগেজ ব্যবস্থাপনা মনিটরে, ৮টি বেল্টে ৩২ টি সিসিটিভি ক্যামেরা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৮, ২০২৬ ৮:৪২ পূর্বাহ্ণ

Spread the love

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিরাপত্তা বাড়াতে আটটি লাগেজ বেল্ট এলাকায় ৩২টি সিসিটিভি ক্যামেরা এবং ৬৫ ইঞ্চি আকারের ১৮টি মনিটর স্থাপন করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। নতুন ব্যবস্থায় উড়োজাহাজ থেকে লাগেজ নামানো, পরিবহন ও বাছাই থেকে শুরু করে লাগেজ বেল্টে পৌঁছানো পর্যন্ত বিভিন্ন ধাপের কার্যক্রম সরাসরি দেখতে পারবেন যাত্রীরা।

শনিবার (১৭ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বেবিচক জানায়, বিমানবন্দরে যাত্রীসেবার মানোন্নয়ন, লাগেজের নিরাপত্তা জোরদার এবং লাগেজ হ্যান্ডলিং কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন ব্যবস্থার আওতায় স্থাপিত মনিটরে লাগেজ হ্যান্ডলিংয়ের বিভিন্ন ধাপের দৃশ্য সরাসরি প্রদর্শিত হবে। ফলে যাত্রীরা তাঁদের লাগেজ উড়োজাহাজ থেকে নামানোর পর কীভাবে নির্ধারিত স্থানে নেওয়া হচ্ছে, বাছাই করা হচ্ছে এবং লাগেজ বেল্টে পৌঁছানো হচ্ছে, সে সম্পর্কে ধারণা পাবেন।

বেবিচকের ভাষ্য, এ ব্যবস্থার ফলে লাগেজ সংগ্রহের বিভিন্ন পর্যায়ে যাত্রীরা আরও স্পষ্ট তথ্য পাবেন। একই সঙ্গে লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহি বাড়বে বলে আশা করছে সংস্থাটি।

এর আগে গত ৬ সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আকস্মিক পরিদর্শন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। সে সময় যাত্রীসেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে লাগেজ হ্যান্ডলিং কার্যক্রমের অগ্রগতি তাৎক্ষণিকভাবে প্রদর্শনের জন্য বিমানবন্দরে ‘লাইভ মনিটরিং স্ক্রিন’ স্থাপনের নির্দেশনা দেন তিনি। এর প্রায় দেড় মাস পর সিসিটিভি ক্যামেরা ও মনিটর স্থাপনের তথ্য জানাল বেবিচক।

বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, যাত্রীদের স্বার্থ সুরক্ষা, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করা এবং আন্তর্জাতিক মানের বিমানবন্দর ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে প্রযুক্তিনির্ভর ও যাত্রীবান্ধব সেবার সম্প্রসারণ অব্যাহত রয়েছে।

বিশেষ করে প্রবাসীসহ দেশি-বিদেশি যাত্রীরা যাতে ভ্রমণ শেষে নির্বিঘ্নে ও নিশ্চিন্তে তাঁদের লাগেজ সংগ্রহ করতে পারেন, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বেবিচক। সংস্থাটির মতে, দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মানোন্নয়নে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

সর্বশেষ - অপরাধ