২০২৬-২৭ থেকে ২০৩০-৩১ অর্থবছরের মধ্যে ইবতেদায়ি মাদ্রাসাসহ দেশের সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে মৌলভীবাজার-২ আসনের সরকারি দলের সংসদ সদস্য মো. শওকতুল ইসলামের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
প্রশ্নে সংসদ সদস্য জানতে চান, সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিলের ব্যবস্থা করলেও মাদ্রাসার শিক্ষার্থীরা, বিশেষ করে এতিমখানার সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা কেন এ সুবিধার বাইরে রয়েছে।
জবাবে শিক্ষামন্ত্রী বলেন, সরকারের নির্বাচনি ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের ‘স্বাস্থ্য ও খাদ্য’কে অগ্রাধিকার দিয়ে একটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
মাদ্রাসার শিক্ষার্থীদের সহায়তা আরও সম্প্রসারণের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)-এর আওতায় ‘মাদ্রাসা শিক্ষা উৎকর্ষ সহায়তা কর্মসূচি’ (এমইইএসপি) প্রণয়ন করা হয়েছে বলেও জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, এই কর্মসূচির আওতায় ২০২৬-২৭ থেকে ২০৩০-৩১ অর্থবছরের মধ্যে দেশের সব মাদ্রাসায় পর্যায়ক্রমে মিড-ডে মিল চালু করা হবে। এর আওতায় ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীরাও থাকবে।
সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে মাদ্রাসা শিক্ষার্থীদের পুষ্টি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের উপস্থিতি ও শিক্ষার পরিবেশ উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

















