গৌহাটিতে রচিত হলো নতুন ইতিহাস। ইংল্যান্ডকে ১২৫ রানে উড়িয়ে প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। এর আগে কখনো ফাইনালের স্বাদ না পাওয়া প্রোটিয়া নারীরা এবার দুর্দান্ত জয়ে স্বপ্নপূরণের দোরগোড়ায় পৌঁছে গেল।
প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ৫০ ওভারে তোলে ৭ উইকেটে ৩১৯ রান। অধিনায়ক লরা উলভার্ট খেলেন ওয়ানডে বিশ্বকাপের নকআউট পর্বে সর্বোচ্চ রানের ইনিংস—৪৩ বলে ১৬৯ রান, যেখানে ছিল ২০টি চার ও ৪টি ছক্কা। তাজমিন ব্রিটস (৪৫), মারিজানে কাপ (৪২) ও টাইরন (অপরাজিত ৩৩) দলের সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
ইংল্যান্ডের হয়ে সোফি একলেস্টোন ৪ উইকেট নেন, আর লরেন বেল শিকার করেন ২টি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে ৩২০ রানের লক্ষ্যে ইংল্যান্ড গুটিয়ে যায় ১৯৪ রানে। শুরুতেই ৩ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় দলটি। ন্যাট সিভার-ব্রান্ট (৬৪) ও অ্যালিস ক্যাপসি (৫০) কিছুটা প্রতিরোধ গড়লেও দলকে বাঁচাতে পারেননি।
মারিজানে কাপ ৭ ওভারে মাত্র ২০ রানে ৫ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার জয়ে বড় ভূমিকা রাখেন। ম্যাচসেরা হন অধিনায়ক লরা উলভার্ট।


















