উত্তর আফ্রিকান দেশ আলজেরিয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে এবং আরও ৩৯ জন মারাত্মকভাবে আহত হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) সেতিফ শহর থেকে দেশটির রাজধানী আলজিয়ার্সের উদ্দেশে ছেড়ে যাওয়া দূরপাল্লার বাসটি এল কারমা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এর ফলে বাসটি মূল সড়ক থেকে ছিটকে গিয়ে পাশের একটি গভীর গিরিখাতে পড়ে দুমড়ে-মুচড়ে যায় বলে নিশ্চিত করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সেদ্দিক আইত মেসাউদেনে। সিভিল প্রোটেকশন সংস্থার উদ্ধারকারীরা খবর পেয়ে দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছান এবং উদ্ধার অভিযান শুরু করেন, তবে আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভয়াবহ এ প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করে আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেব্বুন দেশজুড়ে তিন দিনের আনুষ্ঠানিক রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। এক কঠোর বিবৃতিতে তিনি এই দুর্ঘটনার জন্য দায়িত্বজ্ঞানহীন চালকদের ‘সড়কের অপরাধী ও সন্ত্রাসী’ বলে আখ্যায়িত করেন এবং তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে কোনো প্রকার ছাড় না দিয়ে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। দুর্ঘটনায় আহতদের দেখতে তাৎক্ষণিকভাবে হাসপাতালে যান দেশটির প্রধানমন্ত্রী সিফি ঘরিয়েব। প্রাথমিক তদন্তে দুর্ঘটনার সঠিক কারণ জানা না গেলেও সরকারি তথ্যানুসারে অনিয়ন্ত্রিত গতি ও মানবিক ভুলই দেশটির প্রধান সড়ক দুর্ঘটনার কারণ। গত এক বছরে আলজেরিয়াতে সড়ক দুর্ঘটনায় ৩ হাজার ৮০০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে।
সূত্র: আলজাজিরা


















