জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবিতে নিজেদের অবস্থানে অটল রয়েছে জামায়াত, ইসলামী আন্দোলনসহ যুগপৎ আন্দোলনে থাকা সমমনা আট দল। নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণসহ দাবিগুলো তুলে ধরে তারা আগামী ৩০ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা ছাড়া সব বিভাগীয় শহরে সমাবেশ করবে।
বুধবার পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিস কার্যালয়ে ৮ দলের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এ কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েব আমির মাওলানা ইউসুফ আশরাফ।
ঘোষিত সূচি অনুযায়ী—
- ৩০ নভেম্বর: রংপুর
- ১ ডিসেম্বর: রাজশাহী
- ২ ডিসেম্বর: খুলনা
- ৩ ডিসেম্বর: বরিশাল
- ৪ ডিসেম্বর: ময়মনসিংহ
- ৫ ডিসেম্বর: সিলেট
- ৬ ডিসেম্বর: চট্টগ্রাম
সমাবেশগুলোতে দলের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন।
নেতারা জানান, গণভোট আলাদা দিনে আয়োজন, ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার জোরদার এবং নির্বাচনে ন্যায়সংগত পরিবেশ নিশ্চিত করা তাদের মূল দাবি। জুলাই সনদ বাস্তবায়নসহ কিছু দাবি পূরণ হলেও অন্যান্য দাবিতে অগ্রগতি হয়নি বলেও মন্তব্য করেন তারা।
একই সঙ্গে নির্বাচন কমিশনের কাছ থেকে একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজনের বিষয়ে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা না পাওয়ার অভিযোগও করেন তারা।
নেতারা আরও জানান, সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে এবং ফ্যাসিবাদবিরোধী সব ইসলামী, গণতান্ত্রিক ও দেশপ্রেমিক শক্তিকে যৌথ প্ল্যাটফর্মে যুক্ত করার চেষ্টা চলছে



















